নয়াদিল্লি: নিট-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় রুখতে এবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদের আগুন আরও তীব্র হলো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে দিল্লির বুকে আমরণ অনশনে বসেছেন প্রখ্যাত সমাজকর্মী তথা গবেষক সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির ব্যানারে চলা এই অনির্দিষ্টকালের অনশন সোমবার পদার্পণ করল ১৬ দিনে। আর টানা এই দীর্ঘ আন্দোলনের জেরে সোনমের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে ছড়িয়েছে তীব্র উদ্বেগ।ককরোচ জনতা পার্টির তরফে সোনম ওয়াংচুকের স্বাস্থ্য সংক্রান্ত এক চাঞ্চল্যকর বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, টানা ১৬ দিন না খেয়ে থাকার ফলে তাঁর শরীরের ওজন একধাক্কায় ৮ কেজিরও বেশি কমে গিয়েছে। বর্তমানে তাঁর রক্তচাপ কমে দাঁড়িয়েছে ১০৭/৭০ মিমি এইচজিতে, যা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই পরিস্থিতিতে ককরোচ-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মোদী সরকারকে কড়া বার্তা দিয়ে বলেন, এই মরণপণ আন্দোলনকে কেন্দ্র কোনোভাবেই যেন নিজেদের অহংকারের লড়াই হিসেবে না দেখে। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং তা পরিপক্কতা ও সংশোধনের সদিচ্ছা। মানুষের জীবন বিপন্ন হওয়ার আগেই সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত।দিল্লির এই ছাত্র ও যুব আন্দোলনের আঁচ এবার এসে পড়েছে দেশের প্রধান বিরোধী শিবিরেও। সোনমের অনশন মঞ্চ ও ককরোচ জনতা পার্টির এই বিক্ষোভকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবার আসরে নামলেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। সোমবার মুম্বইতে এক জরুরি সাংবাদিক বৈঠক ডেকে উদ্ধব স্পষ্ট ঘোষণা করেন, দেশের যুবসমাজের স্বার্থে যন্তর মন্তরের এই আন্দোলনে তিনি নিজে শামিল হতে চলেছেন। একই সঙ্গে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও এই ধরনা মঞ্চে সশরীরে উপস্থিত থাকার জোরদার আর্জি জানিয়েছেন তিনি। উদ্ধবের মতে, দেশের তরুণ প্রজন্মের ওপর যাঁদের বিন্দুমাত্র আস্থা রয়েছে, তাঁদের প্রত্যেকের উচিত দলমত নির্বিশেষে এই আন্দোলনকে সমর্থন জানাতে রাস্তায় নেমে আসা।[TECHTARANGA-POST:10916]হিডেন স্টোরিজ নিউজ
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার