Hidden Stories (বাংলা)

১২৫টি মামলার কুখ্যাত দুষ্কৃতী নন্দীগ্রামে! দিল্লি পুলিশের অভিযানে শ্বশুরবাড়ির কাছ থেকে ধৃত ‘লম্বু’

দিল্লিতে একের পর এক অপরাধের অভিযোগ, খুনের মামলাও রয়েছে। পুলিশের চোখে দীর্ঘদিন ধরে ‘পলাতক’ ছিলেন তিনি। শেষমেশ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শ্বশুরবাড়ির কাছে গা-ঢাকা দিয়ে থাকা সেই অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।ধৃতের নাম ওয়াসিম আক্রম ওরফে ‘লম্বু’। পুলিশ সূত্রে খবর, গত আট বছরে তাঁর বিরুদ্ধে মোট ১২৫টি অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে ৩৫টি গুরুতর অভিযোগের মামলা। পুলিশ জানিয়েছে, দিল্লিতে একটি খুনের মামলাতেও তাঁর নাম রয়েছে। অভিযুক্তের খোঁজে সোমবার নন্দীগ্রামে পৌঁছয় দিল্লি পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের একটি দল। তাঁর খোঁজ পাওয়ার পর নন্দীগ্রাম থানার পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত চৌরঙ্গী এলাকা থেকে ওয়াসিমকে পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, বিহারের দ্বারভাঙার বাসিন্দা ওয়াসিম পরে দিল্লির জাহাঙ্গিরপুরীতে থাকতে শুরু করেন। সেখানেই একাধিক অপরাধমূলক ঘটনায় তাঁর নাম জড়ায়। দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।[TECHTARANGA-POST:11576]নন্দীগ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক মহিলাকে বিয়ে করার পর শ্বশুরবাড়ির সূত্রে নন্দীগ্রামে যাতায়াত শুরু হয় ওয়াসিমের। সেই সুযোগেই সেখানে আত্মগোপন করে ছিলেন বলে পুলিশের অনুমান। গ্রেফতারের পর অভিযুক্তকে হলদিয়া আদালতে পেশ করা হয়। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী তদন্তের জন্য রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

১২৫টি মামলার কুখ্যাত দুষ্কৃতী নন্দীগ্রামে! দিল্লি পুলিশের অভিযানে শ্বশুরবাড়ির কাছ থেকে ধৃত ‘লম্বু’