মাছ-সবজিতে বিষ থেকে ফ্ল্যাট প্রতারণা, বিগত সরকারকে তুলোধোনা করে কোন কড়া বার্তা মুখ্যমন্ত্রীর?
কলকাতা: সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটায় প্রতারণা রুখতে এবং উপভোক্তাদের অধিকার রক্ষায় এবার অত্যন্ত কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার হগ মার্কেট চত্বর থেকে রাজ্যব্যাপী ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’-এর সূচনা করে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, শাক-সবজি ও মাছে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, ওজনে কারচুপি কিংবা ফ্ল্যাট কেনাবেচায় জালিয়াতি—কোনও ধরনের অসাধু কারবারই আর বরদাস্ত করবে না রাজ্য সরকার। অসাধু ব্যবসায়ী ও প্রতারকদের বিরুদ্ধে প্রশাসন এখন থেকে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে বলে সাফ জানিয়ে দেন তিনি।অনুষ্ঠান মঞ্চ থেকে বিগত বাম ও তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, ২০০৬ সাল থেকে বিধায়ক হিসেবে তিনি পূর্বতন কোনো মুখ্যমন্ত্রীকেই ক্রেতা সুরক্ষা দফতরের কর্মসূচিতে যোগ দিতে দেখেননি। সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত থাকা সত্ত্বেও এই দফতরটিকে এতদিন চরম অবহেলায় ফেলে রাখা হয়েছিল, যার ফলে বাজারে দাঁড়িয়ে দাড়ি-পাল্লা বা ইলেকট্রনিক মাপে ঠকেছেন সাধারণ ক্রেতারা। এছাড়াও সল্টলেকের ‘জনতার দরবার’ ও গ্রিভেন্স সেলে জমা পড়া হাজারো অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি ফ্ল্যাট জালিয়াতি ও অনলাইন প্রতারণা চক্রের রমরমা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সম্প্রতি বিধাননগরে অনলাইন চক্রের ১২০ জনকে গ্রেফতারের সাফল্য তুলে ধরেন।খাদ্যে ভেজাল ও বিপজ্জনক রঙের ব্যবহার রুখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক সেরে প্রশাসন যে সাঁড়াশি অভিযানে নেমেছে, সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী। নামী হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে খাবারের ক্ষতিকর রঙ মেশানো কিংবা আনাজ-মাছ তাজা দেখাতে বিষাক্ত কেমিক্যালের অপপ্রয়োগ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও ঘোষণা করেন, উপভোক্তা সুরক্ষা আইনকে কঠোরভাবে কার্যকর করতে এই দফতরে পিএসসির মাধ্যমে দ্রুত নতুন আধিকারিক নিয়োগ, আধুনিক পরিমাপক যন্ত্রের সরবরাহ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে পুরোপুরি ময়দানে নামানো হবে।[TECHTARANGA-POST:12186]হিডেন স্টোরিজ নিউজ