Hidden Stories (বাংলা)

Delhi Police: ‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে প্রধানকে নোটিস দিল্লি পুলিশের, সুপ্রিম কোর্টে ধাক্কা ব্যবসায়ীদের

নয়াদিল্লি: আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার বিকেল পাঁচটায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা প্রধান অভিজিত দিপকে। কিন্তু নির্ধারিত সূচির আগেই দিপকের দিল্লির বাসভবন ছেয়ে ফেলে বিশাল পুলিশ বাহিনী। তাঁকে কর্মসূচি বাতিল করার লিখিত নোটিস দেওয়ার পাশাপাশি চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। এক পুলিশ আধিকারিকের সঙ্গে তাঁর কথোপকথনের সংগৃহীত একটি ভিডিও নেটমাধ্যমে পোস্ট করে দিপকে প্রশ্ন তোলেন, ঠিক কী অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে? তবে পুলিশের এই বাধা সত্ত্বেও বিকেল পাঁচটায় তেরঙা যাত্রা পালনে তিনি অটল থাকবেন বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন।অন্যদিকে, ককরোচদের এই মেগা কর্মসূচি রোখাতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও বিফল হয়েছে দিল্লির দুটি বিশিষ্ট ব্যবসায়ী সংগঠন ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিটিআই) এবং ‘নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন’। এই কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মন্তব্য করে, “আমরা আশা করছি, শুভবুদ্ধির জয় হবে।” ব্যবসায়ীদের জীবিকার অধিকারের আর্জি নিয়ে মামলাটির পরবর্তী শুনানি দশেরার ছুটির পর ২৬ বা ২৭ অক্টোবর নির্দিষ্ট করা হয়েছে। ইতিপূর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়ে দীপাবলি পর্যন্ত দিল্লিতে সমস্ত ধর্না-বিক্ষোভ বন্ধের আবেদন জানিয়েছিল ওই বণিকসভাগুলি, কারণ লাগাতার আন্দোলনে বড়সড় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় দিল্লি পুলিশ ইতিপূর্বেই বিতর্কিত এলাকাগুলিতে বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি করে চার বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছিল। এমনকি ‘নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল’ সেন্ট্রাল পার্ক দু’দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে নাটকীয় মোড়ে শুক্রবার মাত্র ১১ জন প্রতিনিধিকে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে যাওয়ার বিশেষ অনুমতি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা পুলিশ প্রশাসন। কিন্তু ছাড়পত্রের তালিকা থেকে শুরুতেই বাদ রাখা হয় মূল উদ্যোক্তা অভিজীত দিপকেকে।উল্লেখ্য, এই আন্দোলনের আঁচ কেবল দিল্লিতেই সীমাবদ্ধ নেই। রাঙ্কা-সৌরভদের গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার মুম্বইয়ের ঐতিহাসিক আজাদ ময়দানেও জাতীয় পতাকা হাতে বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি চেন্নাইয়ের রাজরথিনম স্টেডিয়ামে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত এসআইআর (SIR) বাতিলের দাবিতে আছড়ে পড়েছে বিক্ষোভের ঢেউ, যেখানে সামিল হয়েছেন ডিএমকে প্রধান তথা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোঝি। রাজধানী ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া এই ‘তেরঙা আন্দোলন’ এখন কেন্দ্র সরকারের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

Delhi Police: ‘তেরঙা যাত্রা বাতিল করুন!’ বাড়ি গিয়ে প্রধানকে নোটিস দিল্লি পুলিশের, সুপ্রিম কোর্টে ধাক্কা ব্যবসায়ীদের