চাকরির পরীক্ষা ঘিরে রণক্ষেত্র পটনা! প্রশ্নফাঁস-অনিয়মের অভিযোগে রাজভবন অভিযানে ধুন্ধুমার, নামল জলকামান
পটনাঃ দিল্লি, রাঁচীর পর প্রশ্নফাঁসের অভিযোগে এবার উত্তাল বিহার। ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার রাজভবন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান চালায় পুলিশ।মঙ্গলবার দুপুরে গাঁধী ময়দানের কাছে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে রাজভবনের দিকে এগোনোর চেষ্টা করতেই পুলিশ তাঁদের আটকায়। শুরু হয় ধস্তাধস্তি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ। ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিলের পাশাপাশি একাধিক দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষায় অনিয়ম হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটেছে। শুধু বিপিএসসি নয়, শিক্ষক নিয়োগ এবং সাব-ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষাতেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।[TECHTARANGA-POST:11963]মঙ্গলবারের বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুশীল কুমার। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তাঁর বক্তব্য, টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা টিআরই ৪.০-এর জন্য একটি পর্যায়ের পরীক্ষা চালু করা এবং নেগেটিভ মার্কিং বাতিল করা প্রয়োজন। পাশাপাশি আন্দোলনরত পরীক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবও। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরীকে চিঠি লিখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন তিনি। [TECHTARANGA-POST:11962]অন্যদিকে, বিক্ষোভের আবহে পড়ুয়াদের অভিযোগ শোনার জন্য নতুন উদ্যোগের কথা জানিয়েছে বিহার সরকার। প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘মাসিক বিদ্যার্থী সহযোগ শিবির’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পড়ুয়ারা নিজেদের অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত তার সমাধানের চেষ্টা করা হবে। তবে সরকারি এই উদ্যোগেও আপাতত ক্ষোভ কমছে না আন্দোলনকারীদের।