এক পদ, এক গাড়ি! সরকারি আধিকারিকদের জন্য নতুন নিয়ম আনল মোদী সরকার
সরকারি খরচে লাগাম টানতে এবার ‘এক পদ, এক গাড়ি’ নীতি কার্যকর করল কেন্দ্র। একজন সরকারি আধিকারিকের জন্য বরাদ্দ থাকবে একটি সরকারি গাড়ি, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ব্যক্তি একাধিক মন্ত্রক বা সরকারি সংস্থার দায়িত্বে থাকলেও দ্বিতীয় গাড়ি আর পাবেন না। সরকারি সম্পদের অপব্যবহার রুখে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে এই নতুন নীতি চালু করেছে মোদী সরকার।[TECHTARANGA-POST:11331]কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা সংশোধিত নির্দেশিকায় জানানো হয়েছে, সব কেন্দ্রীয় মন্ত্রক এবং তাদের অধীনস্থ দপ্তরগুলিকে এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করতে হবে। ২০২২ সালের সেপ্টেম্বরে সরকারি গাড়ি ব্যবহারের বিষয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, এবার সেই নীতিকেই আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও আধিকারিকের নামে যদি ইতিমধ্যেই একটি সরকারি গাড়ি বরাদ্দ থাকে, তবে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও দ্বিতীয় সরকারি গাড়ির অনুমোদন মিলবে না। এমনকি কোনও স্বশাসিত সংস্থা, আধা-সরকারি প্রতিষ্ঠান বা অন্য সরকারি দপ্তরের দায়িত্বে থাকলেও একই নিয়ম কার্যকর হবে। [TECHTARANGA-POST:11330]কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। এছাড়াও অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তোলাই মূল লক্ষ্য। তবে দীর্ঘদিন ধরেই কিছু আমলাদের বিরুদ্ধে একাধিক সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতেই ‘এক পদ, এক গাড়ি’ নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।