‘সপ্তাহের শুরুতেই অচল কলকাতা!’ দিনভর মিলবে না অ্যাপ-ক্যাব, চরম ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনেই শহরের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ার বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার জন্য শহরজুড়ে বন্ধ থাকতে চলেছে সমস্ত ধরনের অ্যাপ-ক্যাব পরিষেবা। ভাড়া বৃদ্ধি সহ মোট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ক্যাব ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সিটু (CITU)। সোমবার সকাল ১১টায় মৌলালী রামলীলা ময়দানে চালকদের জমায়েতের আহ্বান জানানো হয়েছে।সিটু নেতৃত্বের দাবি, পূর্বতন সরকারের পাশাপাশি বর্তমান নতুন সরকারের কাছেও ক্যাব চালকদের দীর্ঘদিনের সমস্যা ও দাবিগুলি বারবার তুলে ধরা হয়েছিল। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান না মেলাতেই এবার বৃহত্তর লড়াইয়ের পথ বাছতে বাধ্য হয়েছেন তাঁরা। সোমবার সকালে মৌলালী রামলীলা পার্ক থেকে এক বিশাল মিছিল করে পরিবহন দপ্তরে যাওয়ার পরিকল্পনা রয়েছে চালকদের। দপ্তর ডেপুটেশন গ্রহণ করলে স্মারকলিপি জমা দেওয়া হবে। এই প্রতিবাদী মিছিলে শহরের সমস্ত অ্যাপ-ক্যাব চালককে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।ধর্মঘট উপলক্ষ্যে সিটুর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ক্যাব চালকদের একগুচ্ছ দাবি সামনে আনা হয়েছে। যার মধ্যে মূল দাবিগুলি হলো—ক্যাবের ভাড়ার পুনর্বিন্যাস করা, এসি লাক্সারি ক্যাবের ক্ষেত্রে ভাড়াবৃদ্ধি সুনিশ্চিত করা, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তিগত বাইক ও গাড়ির আইনি ব্যবহার বন্ধ করা এবং কলকাতায় সিএনজি জোগানের দীর্ঘদিনের সমস্যা মেটানো। এছাড়া বাণিজ্যিক গাড়ির দূষণ বা পলিউশন পরীক্ষার ক্ষেত্রে মোবাইল নম্বর ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে। যে অ্যাপ-ক্যাবের ওপর ভরসা করে প্রতিদিন হাজার হাজার যাত্রী নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছান, সেই পরিষেবা সোমবার দিনভর ব্যাহত হওয়ার আশঙ্কায় ঘুম উড়ছে নিত্যযাত্রীদের।[TECHTARANGA-POST:11272]হিডেন স্টোরিজ নিউজ