Kolkatay Sherlock: ফেলুদা-ব্যোমকেশের শহরে এবার শার্লক হোমস! এবার কোন রহস্যের জাল বুনছেন অরিন্দম শীল?
মহানগরীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা রহস্য-রোমাঞ্চের গল্প। এই শহরের অলিগলি, পুরনো বাড়ি আর অচেনা মুখকে ঘিরে তৈরি হয়েছে একাধিক গোয়েন্দা কাহিনি। বাঙালির নিজের ফেলুদা বা ব্যোমকেশকে নিয়ে সিনেমা, সিরিজ তো কম হয়নি। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে শার্লক হোমসের নামও। বিদেশের শার্লক হোমসের প্রতিও বাঙালির আকর্ষণ কম নয়। এবার সেই শার্লককেই কলকাতার মাটিতে এনে ফেলছেন পরিচালক অরিন্দম শীল। নাম ‘কলকাতায় শার্লক’।[TECHTARANGA-POST:13218]তবে এই ছবিতে শুধু শার্লক হোমসের পরিচিত গোয়েন্দাগিরি দেখা যাবে, এমনটা নয়। গল্পের শুরুটা রহস্য ও তদন্ত দিয়ে হলেও ধীরে ধীরে কাহিনি ঢুকে পড়বে আরও বড় এক জগতে। বর্তমান কলকাতার সঙ্গে জুড়ে যাবে শার্লক হোমসের মিথের সঙ্গে সম্পর্কিত অন্য এক সময় ও পরিসর। আর সেখানেই রয়েছে ছবির মূল টুইস্ট। পরিচালক অরিন্দম শীলের কথায়, “শার্লক হোমস সারা পৃথিবীর। হয়তো কলকাতারও হতে পারে।” আইন যখন কোনও অপরাধীকে শাস্তি দিতে ব্যর্থ হয়, তখন নিজের হাতে বিচার তুলে নেওয়া সেই মানুষ কীভাবে কারও চোখে ন্যায়ের প্রতীক হয়ে ওঠে, সেই প্রশ্নও উঠে আসবে ছবিতে। [TECHTARANGA-POST:13205]এর আগেও রহস্য-রোমাঞ্চের একাধিক ছবি পরিচালনা করেছেন অরিন্দম শীল। এবার তাঁর হাত ধরে আর্থার কোনান ডয়েলের তৈরি বিশ্ববিখ্যাত চরিত্রকে নতুনভাবে কলকাতার আবহে কীভাবে দেখা যায়, তা দেখতেই উৎসাহী দর্শকরা। ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। ‘কলকাতায় শার্লক’-এ দেখা যাবে বনি সেনগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়, অনুজয়, অরুণিমা ঘোষ, টনি লাহা রায়, ঊষসী রায়, অর্জুন চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, অরিন্দম শীল, ফিরদৌসী বসু, পৌলমী দাস, সোহাগ সেন এবং অর্ণ মুখোপাধ্যায়ের মতো একঝাঁক অভিনেতাকে।