চণ্ডীগড়: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার প্রশ্নফাঁসের জল গড়িয়ে পৌঁছাল পঞ্জাব রাজনীতিতে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিস্ফোরক অভিযোগ তুলে পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজ্যোৎ সিং বেইনসের ইস্তফার দাবিতে একযোগে সরব হয়েছে বিরোধী বিজেপি ও কংগ্রেস। বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা, শিক্ষক যোগ্যতা পরীক্ষা (PSTET) এবং কৃষি উন্নয়ন আধিকারিক (ADO) নিয়োগের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে সোজা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। পাশাপাশি পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা তোপ দেগে দাবি করেন, গত চার বছরে রাজ্যে অন্তত ছয়টি বড় প্রশ্নফাঁসের ঘটনা ঘটে লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ ধ্বংস হলেও সরকারের কোনও হেলদোল নেই।তবে বিরোধীদের এই জোড়া আক্রমণকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে চরম সুর চড়িয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সাড়ে চার বছরের জমানায় পঞ্জাবে একটিও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। কেবল দুটি জায়গায় সাধারণ নকল করার খবর মেলে, তবে দশ মিনিটের মধ্যে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সুর চড়িয়ে আপ নেতা বলতেজ পান্নুও দাবি করেন, ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করে টুকলি করা আর প্রশ্নফাঁস এক বিষয় নয়। কেন্দ্রে বিজেপির আমলে যেখানে ৯০টিরও বেশি প্রশ্নফাঁস হয়েছে, সেখানে নিজেদের পাপ ঢাকতেই বিজেপি-কংগ্রেস অনর্থক বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি তাঁর।হিডেন স্টোরিজ নিউজ