বেঙ্গালুরুঃ বাইরে থেকে দেখলে একেবারে স্বাভাবিক একটি ডুপ্লেক্স ফ্ল্যাট। অথচ সেই ফ্ল্যাটের ভিতরেই প্রায় এক বছর ধরে পড়ে ছিল এক প্রৌঢ়ার দেহ! শেষ পর্যন্ত সেখান থেকে উদ্ধার হল শুধু কঙ্কাল। বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকার এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।[TECHTARANGA-POST:11516]মৃত মহিলার নাম দাক্ষায়ণী, বয়স ৫২ বছর। তাঁর স্বামীর মৃত্যু হয়েছিল প্রায় দশ বছর আগে। একমাত্র ছেলেকেও ক্যানসারে হারিয়েছিলেন। তাঁর একটি মেয়ে থাকলেও অভিযোগ কেউই নিয়মিত তাঁর খোঁজ নিতেন না বলে অভিযোগ। ফলে একসময় কার্যত একাই হয়ে পড়েছিলেন দাক্ষায়ণী। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় এক বছর আগে ওই ফ্ল্যাটেই তাঁর মৃত্যু হয়। কিন্তু দীর্ঘদিন কেউ তাঁর খোঁজ না নেওয়ায় দেহটি সেখানেই পড়ে ছিল। ধীরে ধীরে তা কঙ্কালে পরিণত হয়। পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। তবে ঠিক কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্ল্যাটের আশপাশের এলাকা এবং অন্যান্য তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তদন্তের পাশাপাশি আরও একটি প্রশ্ন ভাবাচ্ছে স্থানীয়দের যে এক বছর ধরে একজন মানুষ নিখোঁজ থাকার পরেও তাঁর মেয়ে, জামাই, প্রতিবেশী কিংবা আত্মীয়দের কেউ কেন খোঁজ নিলেন না?[TECHTARANGA-POST:11506]বেঙ্গালুরুর এই ঘটনা যেন শহুরে জীবনের এক অস্বস্তিকর বাস্তবতাকেই সামনে আনল। চারপাশে অসংখ্য মানুষ, হাতে প্রযুক্তির বিভিন্ন মাধ্যম, সমাজমাধ্যমে প্রতিদিনের যোগাযোগ। আর তারপরও বাস্তব জীবনে অনেক মানুষই ক্রমশ একা হয়ে পড়ছেন। দাক্ষায়ণীর পরিণতি সেই একাকিত্বেরই এক মর্মান্তিক ছবি হয়ে রইল।