Hidden Stories (বাংলা)

এবার ব্যাঙ্কে গেলেই সতর্ক নজর পুলিশের! সিসিটিভি থেকে ক্যাশ ভ্যান, নিরাপত্তার রাশ নিজেদের হাতে তুলে নিচ্ছে শহরের থানাগুলি

কলকাতা: শহরের ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তায় এক নজিরবিহীন পদক্ষেপ নিল লালবাজার। সাধারণ মানুষের আমানত ও কোটি কোটি টাকার লেনদেন আরও সুরক্ষিত করতে এবার সরাসরি ময়দানে নামছে শহরের স্থানীয় থানাগুলি। এতদিন ব্যাঙ্কগুলিতে নজরদারি ও টহলদারির মূল দায়িত্বে ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাত দমন শাখা। তবে নতুন নির্দেশিকায় সেই চেনা সমীকরণ ভেঙে সার্বিক নিরাপত্তার ভার তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানাগুলির কাঁধে।এখন থেকে প্রতিদিন ব্যাঙ্ক খোলা ও বন্ধের নির্দিষ্ট সময়ে তো বটেই, কাজের ব্যস্ত সময়েও ব্যাঙ্কের বাইরে চলবে পুলিশের কড়া টহলদারি। নজর এড়াবে না কিছুই। ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা সচল রয়েছে কি না, জরুরি বিপৎকালীন অ্যালার্ম সিস্টেম ঠিকমতো কাজ করছে কি না কিংবা নিরাপত্তাকর্মীরা সতর্ক আছেন কি না—সবটাই সরেজমিনে খতিয়ে দেখবেন টহলদার পুলিশকর্মীরা। একই সঙ্গে ব্যাঙ্কের আশপাশে কোনও সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ি দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছে কি না, সেদিকেও রাখা হবে কড়া নজর। উৎসবের মরসুম বা বড় অঙ্কের নগদ লেনদেনের সময় থাকবে বাড়তি সতর্কতা ও অতিরিক্ত পুলিশি ব্যবস্থা।তবে মাঠের দায়িত্ব থানা পেলেও হাত গুটিয়ে বসে থাকছে না গোয়েন্দা বিভাগের ডাকাত দমন শাখা। তারা এবার মূলত জোর দেবে গোপন তথ্য সংগ্রহ, বড় অপরাধী চক্রকে চিহ্নিত করা এবং অপরাধের আগাম ছক ভাঙার কাজে। দাগি অপরাধীদের গতিবিধি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিত থানার সঙ্গে আদান-প্রদান করবে তারা। পুরো নজরদারি প্রক্রিয়াটি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করবেন সংশ্লিষ্ট এলাকার সহকারী পুলিশ কমিশনার ও ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা। অবিলম্বে শহরের সমস্ত থানাকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে লালবাজার।হিডেন স্টোরিজ নিউজ

এবার ব্যাঙ্কে গেলেই সতর্ক নজর পুলিশের! সিসিটিভি থেকে ক্যাশ ভ্যান, নিরাপত্তার রাশ নিজেদের হাতে তুলে নিচ্ছে শহরের থানাগুলি