তৃণমূলের প্রাক্তন বিধায়কের কার্যালয়ে খাট-এসি, উদ্ধার সরকারি ত্রাণ! কেতুগ্রামে তুমুল চাঞ্চল্য
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের প্রাক্তন বিধায়কের কার্যালয় ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। একদিকে বিলাসবহুল ব্যবস্থা, অন্যদিকে সরকারি ত্রাণসামগ্রীর পাহাড় সব মিলিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।[TECHTARANGA-POST:10442]অভিযোগ, কেতুগ্রামের প্রাক্তন তৃণমূল বিধায়ক শেখ সাহনাওয়াজের কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, কার্যালয়ের ভিতরে মিলেছে খাট, বিছানা, আলমারি, এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ঘরেরও খোঁজ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে তাঁরা কেতুগ্রাম ২ ব্লকের পাচুন্দিতে অবস্থিত ওই দলীয় কার্যালয়ে পৌঁছন। তল্লাশি চালিয়ে প্রায় ২৫০টি ত্রিপল এবং দু'শোর কাছাকাছি কম্বল উদ্ধার করা হয়। তাঁদের অভিযোগ, এই সরকারি ত্রাণসামগ্রী পাচারের উদ্দেশ্যেই সেখানে মজুত করে রাখা হয়েছিল। তবে ভোটের ফল প্রকাশের পর আর তা সরানো সম্ভব হয়নি।[TECHTARANGA-POST:10438]খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং কেতুগ্রাম ২ ব্লকের বিডিও হৈমন্তিকা দাস। পরে উদ্ধার হওয়া সমস্ত ত্রাণসামগ্রী ব্লক প্রশাসনের জিম্মায় নেওয়া হয়। শুধু ত্রাণসামগ্রীই নয়, কার্যালয়ের ভিতরের ছবিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলায় রয়েছে বড় হলঘর, সেখানে একাধিক খাট, বিছানা ও অন্যান্য আসবাবপত্র রাখা ছিল। হলঘরের পাশেই একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, যেখানে রয়েছে আলমারিও। নিচতলায় রয়েছে মিটিং হল এবং আধুনিক শৌচালয়ের ব্যবস্থাও। স্থানীয়দের দাবি, ভোটের ফল প্রকাশের পর এই কার্যালয়ে একবার ভাঙচুর হয়েছিল। তবে তখন শুধুমাত্র জানলার কাঁচ ভাঙা হয়। সোমবার রাতে ফের খবর পেয়ে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে এই ত্রাণসামগ্রী উদ্ধারের দাবি করেন।