দক্ষিণ ২৪ পরগনাঃ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার উপর কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশই বহাল রইল। বৃহস্পতিবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে আদালত। আগামী ৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে। আদালত জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দফতরটি ভাঙা যাবে না।[TECHTARANGA-POST:11818]অভিযোগ ছিল, আমতলায় অভিষেকের দফতরটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। গত ১৭ মে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সুশান্ত মণ্ডল। এরপর প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়। গত ১৮ জুলাই দফতরের একটি অংশ ভেঙে দেওয়া হয়। পরের দিন ফের ভাঙার কাজ শুরু হলে বিষয়টি গড়ায় হাই কোর্টে। ছুটির দিনেও শুনানি করে দফতর ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। বৃহস্পতিবার মামলাটি ফের ওঠে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। অভিষেকের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডসের হয়ে আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, যে জমির দাগ নম্বর নিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে, সেটি ৫০৯ এবং ৫১২। অথচ ভাঙার পদক্ষেপ করা হয়েছে ৫০৭ নম্বর দাগের জমিতে, যেখানে তাঁর মক্কেলের দফতর রয়েছে। এই কারণে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।[TECHTARANGA-POST:11816]অন্যদিকে, রাজ্যের হয়ে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। মামলাটি নিয়ে বক্তব্য জানানোর জন্য আরও কিছুটা সময় চান তিনি। দু’পক্ষের বক্তব্য শোনার পর স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় আদালত।