এক দশকের মালব্য-যুগের অবসান! বিজেপির আইটি সেল থেকে ছাঁটাই অমিত, সোশাল মিডিয়া সামলাবেন রসায়নের প্রবীণ অধ্যাপক
নয়াদিল্লি: দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বিজেপির ডিজিটাল সেনাপতি হিসেবে কাজ করার পর অবশেষে আইটি সেলের শীর্ষপদ থেকে ছাঁটাই হলেন অমিত মালব্য। নেট দুনিয়ায় বিরোধীদের আক্রমণ সামলানো কিংবা বিজেপির মূল মুখ হিসেবে ডিজিটাল প্রচারের রাশ হাতে রাখার চেনা সমীকরণে ইতি টেনে, তাঁর জায়গায় নতুন সোশাল মিডিয়া কনভেনর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তিশগড়ের দীপক মাস্কে-কে। নবনিযুক্ত সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের তরুণ ও পেশাদারমুখী কেন্দ্রীয় টিম গঠনের সিদ্ধান্তেই যে মিডিয়া ও সোশাল মিডিয়া উইংকে এভাবে আদ্যোপান্ত ঢেলে সাজানো হয়েছে, তা স্পষ্ট।জাতীয় রাজনীতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান প্রভাব ও ভোট কৌশলে সোশাল মিডিয়ার ভূমিকা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভব করছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নীতীন নবীনের নয়া ব্রিগেডে নিয়ে আসা হয়েছে নতুন ‘মস্তিষ্ক’ দীপক মাস্কে-কে। কনভেনর দীপকের নেতৃত্বে এই দায়িত্বে থাকবেন মহারাষ্ট্রের প্রীতি গান্ধী, দিল্লির শিবানন্দ দ্বিবেদী, উত্তরাখণ্ডের অলোক ভাট এবং হরিয়ানার অরুণ যাদবের মতো অভিজ্ঞ নেতৃত্ব। সাবেক ছত্তিশগড় বিজেপির মুখপাত্র ও ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে সফল দায়িত্ব সামলানো দীপককে এতদিন জাতীয় স্তরের হাইপ্রোফাইল নেতাদের ভিড়ে খুব একটা নজর কাড়তে দেখা না গেলেও, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কৌশলগত পরিবর্তনের ক্ষেত্রে তিনি অত্যন্ত কার্যকর ভূমিকা নিতে চলছেন।পেশাগত জীবনে রসায়নের অধ্যাপক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন দীপক মাস্কে, পরবর্তীতে দীর্ঘ তিন দশক কাটিয়েছেন কৃষিবিজ্ঞান সংক্রান্ত কাজের যুক্ত থেকে। ২০০৯ সালে ছত্তিশগড় বিজেপির আইটি সেলে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর রাজ্য সরকারের মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন তিনি। বিশেষত বিভিন্ন সরকারি প্রকল্প কীভাবে ভোটারদের মানসিকতাকে প্রভাবিত করে, সেই সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও রিপোর্ট তৈরিতে তিনি সিদ্ধহস্ত। তথ্য ও পরিসংখ্যানে তাঁর এই অগাধ দক্ষতাই বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের ডিজিটাল রণকৌশল নতুন করে নির্ধারণ করতে সাহায্য করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।[TECHTARANGA-POST:11734]হিডেন স্টোরিজ নিউজ