হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের! আয়ের বাড়তি সম্পত্তি মামলায় রাহুল গান্ধীকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে চলা মামলায় লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে বিরাট আইনি স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এলাহাবাদ হাইকোর্ট যেন রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মামলার বিচারপ্রক্রিয়া এখনই এগিয়ে না নিয়ে যায়, সোমবার সেই মর্মে স্পষ্ট নির্দেশ জারি করেছে শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাহুল যে আবেদন করেছিলেন, তার ভিত্তিতেই এই স্থগিতাদেশ দেওয়া হলো।এর আগে এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নির্দেশ দিয়েছিল, রাহুল গান্ধীর আয়ের উৎসের অতিরিক্ত সম্পত্তি রয়েছে কি না, সেই অভিযোগ খতিয়ে দেখে তা যাচাই করতে। হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা। সোমবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনোর সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিকালে বেঞ্চ কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে জানতে চায়, রাহুল গান্ধীকে আত্মপক্ষ সমর্থনের বা শুনানির কোনো সুযোগ না দিয়ে হাইকোর্ট কীভাবে সরাসরি এই ধরনের নির্দেশ জারি করতে পারে?শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পেশ করে। বেঞ্চ জানায়, যদি কোনো তদন্তকারী এজেন্সির কাছে নির্দিষ্ট কোনো ব্যক্তির আয়ের অতিরিক্ত সম্পত্তি থাকার সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে তারা স্বতঃপ্রণোদিত হয়েই আইনি পদক্ষেপ নিতে পারে। এর জন্য আদালতের পৃথক কোনো অর্ডারের প্রয়োজন পড়ে না। তবে বর্তমান মামলাটির ক্ষেত্রে দেখা গিয়েছে যে, কেন্দ্রীয় সংস্থাগুলি নিজস্ব উদ্যোগে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সব দিক বিবেচনা করে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট, যা লোকসভার বিরোধী দলনেতার জন্য এক বড় মাপের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।[TECHTARANGA-POST:11718]হিডেন স্টোরিজ নিউজ