Adrit Roy: ‘বেপরোয়া’ সরতেই ক্ষোভে ফুঁসছেন আদৃত! ইন্ডাস্ট্রির ‘দাদা-দিদি’দের নিয়ে কী বললেন অভিনেতা?
ছোট পর্দার জনপ্রিয় মুখ আদৃত। ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের অন্যতম পছন্দের অভিনেতা হয়ে উঠেছেন তিনি। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে অনুরাগীরা চেয়েছিলেন তাঁকে বড় পর্দায় দেখতে। সেইমতোই এবার বড় পর্দায় নিজের জায়গা তৈরি করার স্বপ্ন নিয়ে হাজির হয়েছেন। ‘বেপরোয়া’ দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে আদৃত রায়ের। গত ১৮ সেপ্টেম্বর তাঁর ছবিটি মুক্তি পেয়েছে। বড় পর্দায় তাঁর অভিনয় দেখতে কৌতূহলী ছিলেন দর্শকরা। বেশ কিছু প্রেক্ষাগৃহে পড়েছিল হাউসফুল বোর্ডও। কিন্তু আচমকাই কলকাতার বেশ কয়েকটি হল থেকে সরিয়ে দেওয়া হল তাঁর আদৃতের ‘বেপরোয়া’। [TECHTARANGA-POST:13091]এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন অভিনেতা। সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে আদৃত লেখেন, ‘আমাদের ছবি বেপরোয়াকে প্রচার করা হয়নি। ইন্ডাস্ট্রির সেই দাদা-দিদিরা যাঁরা নাকি নতুনদের সবসময় স্বাগত জানান, ভালোবাসায় জড়িয়ে ধরেন তাঁদের সমর্থনও পাইনি। কোনও স্ক্রিনিং বা প্রিমিয়ারও হয়নি যেখানে বিখ্যাত মানুষরা এসে ছবির প্রশংসা করবেন, এমনকি ছবিটা তাঁদের ভালো না লাগলেও! কলকাতার বেশিরভাগ হল থেকেই আমাদের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। বাংলা সিনেমার দর্শক ছবি ভালো লাগার পর তার পাশে দাঁড়ানোর সময় পান না।’ [TECHTARANGA-POST:13070]সিনেমার কোনও বড় প্রচার বা প্রিমিয়ার ছাড়াই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বেপরোয়া’। দর্শকের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে ছবিটি। তাই আশাবাদী ছিলেন ছবির নির্মাতারা। কিন্তু দ্বিতীয় সপ্তাহে পৌঁছতেই কলকাতার একাধিক হল থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রির প্রতি জমে থাকা অভিমান প্রকাশের পাশাপাশি যাঁরা প্রেক্ষাগৃহে গিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন আদৃত। পোস্টের শেষে তাই ক্ষোভের সুর সরিয়েছেন অভিনেতা। ‘বেপরোয়া’ দেখতে যাঁরা প্রেক্ষাগৃহে যাচ্ছেন, হাততালি দিচ্ছেন এবং ভালো রিভিউ দিচ্ছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।