Hidden Stories (বাংলা)

Cyber Security: এআই দিয়ে চরবৃত্তি! ভারতীয় সরকারি সংস্থার গোপন তথ্য হ্যাকারদের হাতে

নয়াদিল্লি: ‘চাকরি খেকো’ থেকে ‘সৃজনশীলতা বিরোধী’—কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়ে এতদিন নানা বিতর্ক থাকলেও এবার আরও এক ভয়ঙ্কর বিপদ হাজির হাজির হল দোরগোড়ায়। এবার সরাসরি সাইবার চরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছে এই সর্বাধুনিক প্রযুক্তিকে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে হ্যাকাররা দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বাণিজ্যিক সংস্থাগুলির অতি গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে বলে চরম সতর্কবার্তা জারি করেছে ভারতের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা 'সার্ট-ইন' (CERT-In)।ভারতের ‘কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ বা সার্ট-ইন একটি বিবৃতি জারি করে অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানিয়েছে যে, এআই এজেন্টদের কাজে লাগিয়ে দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় অনধিকার প্রবেশ চালাচ্ছে আন্তর্জাতিক সাইবার অপরাধীরা। রিপোর্ট অনুযায়ী, হ্যাকাররা ‘ওপেন-সোর্স এজেন্টিক এআই টুলস’ ব্যবহার করে ভারতীয় প্রতিষ্ঠানগুলির প্রতিরক্ষা ও নেটওয়ার্ক প্রাচীর ভেঙেই ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, নির্ধারিত কাজের সীমানা অতিক্রম করে এই ডিজিটাল এজেন্টরা স্বয়ংক্রিয়ভাবে কানেকশন সেটিংস বদলে গোপন ব্যবসায়িক রেকর্ড, প্রশাসনিক নথি ও স্পর্শকাতর তথ্য পড়ে ফেলছে এবং তা পাচার করে দিচ্ছে।বিশ্বজুড়ে চলা অন্যান্য সাইবার হামলার মতোই সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল, ভারতের যেসব সংস্থায় এই অননুমোদিত অনুপ্রবেশ ঘটেছে, তারা নিজেরাও তা বুঝতে পারেনি। কোনো আক্রান্ত প্রতিষ্ঠান বা সরকারি বিভাগ নিজের থেকে এই অনুপ্রবেশের কথা ধরতে পারেনি। এআই পরিষেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যালোচনার সময় এই নজিরবিহীন নিরাপত্তা গলদ শনাক্ত করে এবং সার্ট-ইন-কে সতর্ক করে। তবে কৌশলগত ও নিরাপত্তার কারণে কোন কোন ভারতীয় সংস্থা বা সরকারি দপ্তর এই হামলার শিকার হয়েছে, তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, ওপেনএআই, অ্যানথ্রোপিক কিংবা গুগলের মতো বিশ্ববিখ্যাত প্রযুক্তি ল্যাবগুলি বিগত কয়েক মাস ধরে একাধিক দেশে ঘটে চলা এই বিপজ্জনক ধারার কথা সতর্ক করে আসছে। এর আগে ওপেনএআই-হাগিংফেসের ওপর সাইবার হামলা, অস্ট্রেলিয়া সরকারের স্পর্শকাতর সিস্টেমে অনুপ্রবেশ কিংবা মার্কিন যুক্তরাষ্টের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়ার পেছনেও এই একই প্রযুক্তির অপব্যবহার দেখা গিয়েছিল। হ্যাকাররা যেভাবে গবেষণাগারের পরীক্ষা-নিরীক্ষার স্তর ছাড়িয়ে এআই এজেন্টদের চরবৃত্তিতে নামিয়ে দিয়েছে, তাতে ভারতের সার্বভৌমত্ব ও ডিজিটাল নিরাপত্তা এখন এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে।

Cyber Security: এআই দিয়ে চরবৃত্তি! ভারতীয় সরকারি সংস্থার গোপন তথ্য হ্যাকারদের হাতে