সই জাল মামলায় ফের অভিষেকের রক্ষাকবচ! তদন্তে প্রশ্ন তুলে কী বলল হাই কোর্ট?
কলকাতাঃ বিধায়কদের সই জাল করার অভিযোগের মামলায় ফের স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ‘দমনমূলক’ পদক্ষেপ করতে পারবে না পুলিশ।বিচারপতি কৌশিক চন্দের এজলাসে সই জাল কাণ্ডের শুনানি হয়। সেখানে রাজ্যের তরফে জানানো হয়, বিধায়কদের সই জালিয়াতির ঘটনায় ফরেনসিক রিপোর্ট হাতে এসেছে। পাঁচ বিধায়কের সই জাল করার অভিযোগ ছিল। তাঁদের বয়ানও নেওয়া হয়েছে। পরীক্ষায় তিন জন বিধায়কের সই জাল হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। সই জাল করা হয়ে থাকলে কীভাবে তা হয়েছে এবং এর সঙ্গে অভিষেকের কী যোগসূত্র, তা জানতে চান তিনি। রাজ্যের তরফে জানানো হয়, অভিষেকের উপস্থিতিতে বিধায়কদের সই জাল করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ৬ মে কোনও রেজোলিউশন না হলেও সেই তারিখে তৈরি নথি বিধানসভার স্পিকারের কাছে পাঠানোর অভিযোগও সামনে আসে।[TECHTARANGA-POST:11716]তবে রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি চন্দ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় জালিয়াতিতে যুক্ত, প্রাথমিক ভাবে আদালত তা মনে করছে না।” সিআইডির পেশ করা একটি বয়ান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিচারপতির প্রশ্ন, “নথিতে যদি শুধু বিধায়কদের একসঙ্গে থাকার কথা বলা হয়ে থাকে, তাহলে সেখান থেকে জালিয়াতির যোগ কীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে?” আদালত আরও জানতে চায়, তদন্ত শেষ করতে কত সময় লাগবে এবং নথি কে তৈরি করেছেন। জালিয়াতির পাশাপাশি অন্য কোনও ধারা প্রযোজ্য কি না, তদন্তকারীদের সেটিও খতিয়ে দেখা উচিত।