রাতের অন্ধকারে গাড়ি নিয়ে তাড়া, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিবৃষ্টি! পাঞ্জাবে খুন খোদ আপ নেতা, নেপথ্যে পুরনো শত্রুতা?
মামদোট: ভোটমুখী পাঞ্জাবে ফের প্রকাশ্যে শুটআউটের হাড়হিম করা ঘটনা। রাতের অন্ধকারে বাইকের পিছু ধাওয়া করে আম আদমি পার্টির এক নেতাকে গুলি করে ঝাঁঝরা করে দিল একদল সশস্ত্র দুষ্কৃতী। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে পাঞ্জাবের মামদোটে। পুলিশ সূত্রে খবর, নিহত আপ নেতার নাম গুরপ্রীত সিং গোপী। শনিবার রাতে এক বন্ধুর বাইকের পিছনে বসে যাচ্ছিলেন তিনি এবং পিছনের একটি চারচাকা গাড়িতে যাচ্ছিলেন তাঁর বাকি সঙ্গীরা। অভিযোগ, মাঝরাস্তায় হঠাৎই অপর একটি চারচাকা গাড়ি তাঁদের ধাওয়া করে এবং বাইকের কাছে আসতেই গুরপ্রীতকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবৃষ্টি শুরু করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় ওই আপ নেতার।শুধু গুরপ্রীতই নন, তাঁর বন্ধুদের গাড়িতেও লাগাতার গুলি চালিয়ে চম্পট দেয় হামলাকারীরা। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক বা ব্যক্তিগত পুরনো শত্রুতার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসপি ভূপিন্দর সিং সিধু জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরেই এই হামলা এবং পুলিশ ইতিমধ্যেই আততায়ীদের শনাক্ত করেছে। অভিযুক্তদের ধরতে গোটা এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু হলেও, প্রকাশ্য রাস্তায় শাসকদলের নেতা খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে।[TECHTARANGA-POST:12116]হিডেন স্টোরিজ নিউজ