Hidden Stories (বাংলা)

Rohit Sharma: হার্দিক প্রেম উধাও! ফের কি মুম্বইয়ের মসনদে ফিরছেন রোহিত?

মুম্বই: এক দশকের সাফল্যের রাজত্ব, পাঁচটি আইপিএল ট্রফি এবং কোটি কোটি সমর্থকের আবেগ! মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাস আর রোহিত শর্মা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে গত দু’বছরে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে যে টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা, তা মেটাতে ফের পুরনো ‘হিটম্যান’ ফর্মুলাতেই আস্থা রাখতে চলেছে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট। ২০২৭ আইপিএল মরশুমে ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের ব্যাটন ফিরতে চলেছে রোহিতের হাতেই?  আর এই প্রত্যাবর্তনের নেপথ্যে ক্রীড়া বিশেষজ্ঞদের একটাই পর্যবেক্ষণ, ২০২৭-এর একদিনের বিশ্বকাপের ঠিক আগে আইপিএলের মঞ্চে শেষবারের মতো মুম্বইকে চ্যাম্পিয়ন করে নিজের বর্ণময় অধিনায়কত্ব ক্যারিয়ারে রূপোলি সমাপ্তি টানতে চান ভারতীয় ক্রিকেটের মহাতারকা।২০২৪ মরশুমে গুজরাত টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে এনে আচমকাই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিতকে। কিন্তু সেই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির ভেতরে ও বাইরে যে ঝড় তুলেছিল, তার প্রভাব পড়েছিল মাঠের পারফর্ম্যান্সেও। প্রথম বছর পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করা কিংবা পরের বছর প্লে-অফে উঠলেও ট্রফি খরা না কাটার ফলে মুম্বইয়ের সেই ঐতিহ্যবাহী ‘জয়ের মানসিকতা’তেই বড়সড় ধাক্কা লাগে। উপরন্তু ড্রেসিংরুমের পরিবেশ ও খেলোয়াড়দের পারস্পরিক সমীকরণ নিয়েও প্রশ্ন উঠছিল। ঠিক এই জায়গাতেই দল ও সমর্থকদের মধ্যে স্থায়িত্ব ও ভারসাম্য ফেরাতে রোহিতের চেয়ে অভিজ্ঞ ও সফল কোনও বিকল্প দেখতে পাচ্ছেন না নীতা অম্বানীরা।যদিও সূর্যকুমার যাদব বা উদীয়মান তিলক বর্মার নাম পরবর্তী অধিনায়ক হিসেবে জল্পনায় ছিল, তবে ২০২৭ মরশুমে বয়সের দিক থেকে ৪০ ছোঁয়া রোহিতের অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ক্রিকেট মহলের একাংশের মতে, ২০২৭ আইপিএল মরশুম এবং তার পরপরই অনুষ্ঠিত হতে চলা একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ, এই দুটিই হয়তো খেলোয়াড় রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ হতে চলেছে। ফলে ক্রিকেটকে বিদায় জানানোর আগে মুম্বই ইন্ডিয়ান্সকে ষষ্ঠবার ট্রফি এনে দেওয়াই এখন তাঁর সবচেয়ে বড় লক্ষ্য।অন্যদিকে, রোহিতের এই প্রত্যাবর্তনের খবরে অনিশ্চিত হয়ে পড়েছে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ। শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স কিংবা রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে ট্রাফিকের আলোচনা চলছে হার্দিককে নিয়ে। এমনকি রাজস্থান থেকে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে ট্রেড করে দলে আনার জল্পনাও তুঙ্গে, যা ভবিষ্যৎ মুম্বইয়ের ব্যাটিং অর্ডারের মূল ভিত্তি হতে পারে। তবে যাই হোক না কেন, রোহিতের অধিনায়ক পদে ফেরা কেবল নেতৃত্বের পরিবর্তন নয়, বরং এক যুগের সমাপ্তির আগে এক অধিনায়কের জেতার শেষ লড়াই।

Rohit Sharma: হার্দিক প্রেম উধাও! ফের কি মুম্বইয়ের মসনদে ফিরছেন রোহিত?