ISL 2026: লিগ-শিল্ড জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে আজ আইএসএলে অভিযান শুরু মোহনবাগানের, সামনে নর্থইস্ট
গুয়াহাটি: আইএফএ শিল্ড জয়ের টাটকা সাফল্য ও দুর্দান্ত ছন্দকে সঙ্গী করে আজ, সোমবার চলতি মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এ নিজেদের প্রথম অভিযানে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে মেরিনার্সরা। তবে পূর্ণ শক্তির দল নিয়ে গুয়াহাটি নামা হচ্ছে না সবুজ-মেরুন শিবিরের। চোট ও শারীরিক অস্বস্তির কারণে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে ছাড়াই এই ম্যাচে নামতে হচ্ছে কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসকে। কলকাতার মাটিতে শেষ মুহূর্তে অনুশীলনে অস্বস্তি বোধ করায় ঝুঁকি নেননি কোচ, আপাতত দু’দিন রিহ্যাব সেরে দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকলারেন।অস্ট্রেলীয় তারকা না থাকলেও চোট পাওয়া মাথায় সাতটি সেলাই নিয়েই দলের সঙ্গে গুয়াহাটি উড়ে গেছেন দেজন ড্রাজিচ। তবে জ্বরের কারণে দলের সঙ্গে যাওয়া হয়নি কিয়ান নাসিরির। ম্যাকলারেনের অনুপস্থিতিতে এই ম্যাচে দলের আক্রমণভাগের মূল দায়িত্ব থাকবে স্কটিশ ফরোয়ার্ড লি এরউইনের কাঁধে, যিনি শিল্ডের ফাইনালেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অন্যদিকে, সম্প্রতি আইএফএ শিল্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে ৭-২ গোলে বড় ব্যবধানে হেরে গেলেও ঘরের মাঠে এই ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া জুয়ান পেড্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। গত মরশুমে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয়ী মরক্কোর তারকা স্ট্রাইকার আলাউদ্দিন আজেরাইয়ের কামব্যাক নর্থইস্টের আক্রমণভাগকে সবচেয়ে বেশি ধারালো করে তুলেছে। এছাড়া এওনেকো সত্রুস্তেগুই, নিকোলা নিকোভিচ ও নতুন দেশি রিক্রুট প্রমবীর সিংদের নিয়ে গড়া দলটির স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ।ম্যাচের আগে দুই দলের কোচই প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সতর্ক। মোহনবাগান কোচ দিলেমপেরিস জানিয়েছেন, পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ দিয়ে লিগ শুরু করা সহজ নয়, তবে ক্লাবের সংস্কৃতির সঙ্গে জয় ছাড়া অন্য কোনো ফল মানানসই নয়। একই সঙ্গে প্রতিপক্ষ কোচ বেনালির প্রশংসা করে তিনি জানান, ডুরান্ড কাপের লড়াইয়ের সঙ্গে বর্তমান আইএসএলের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, এখানে ৯০ মিনিটের মধ্যে জয় ছিনিয়ে নিতে হবে। অন্যদিকে, নর্থইস্ট কোচ বেনালি মোহনবাগান কোচের ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটির প্রশংসা করে জানিয়েছেন, প্রতিপক্ষের ম্যাচ রিডিং ও একাধিক পরিকল্পনা মোকাবিলার জন্য তাঁদেরও ‘প্ল্যান এ, বি এবং সি’ প্রস্তুত রয়েছে। শিল্ড জয়ীদের আত্মবিশ্বাস বনাম ঘরের মাঠে নর্থইস্টের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজকের আইএসএল ম্যাচটি জমজমাট হওয়ার অপেক্ষায়।