BJP: বিজেপির নাম ভাঙিয়ে কারখানায় তোলাবাজি! গ্রেফতারির দাবি তুললেন ক্ষুব্ধ শমীক
ডানকুনি: নব্য বিজেপিদের একাংশের বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগে এবার চরম ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। দলের পতাকা হাতে নিয়ে কারখানা কিংবা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠতেই তীব্র বিরক্ত রাজ্য বিজেপি নেতৃত্ব। রবিবার ডানকুনির একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে রাজ্য সভাপতি পরিষ্কার জানিয়ে দিলেন, বিজেপির কোনও শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নেই। দলের নাম ভাঙিয়ে কেউ তোলাবাজি করতে গেলে পুলিশ যেন তাকে সরাসরি গ্রেফতার করে।হুগলির ডানকুনি শিল্পাঞ্চলে সম্প্রতি বিজেপির নাম ভাঙিয়ে তোলাবাজির বেশ কয়েকটি ঘটনা ঘিরে শোরগোল তৈরি হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই সুর চড়ান শমীক। ক্ষুব্ধ রাজ্য সভাপতির বক্তব্য, "আমাদের দলে কারখানা থেকে চাঁদা তোলার কোনও সিস্টেম নেই। ডানকুনির মতো বিস্তৃত শিল্পাঞ্চলে কিছু মানুষ কুকীর্তি চালিয়ে যাচ্ছে। দলের পতাকা হাতে নিয়ে, আবির মেখে চার ঘণ্টার জন্য 'সদ্য বিজেপি' সেজে যারা কারখানার গেটে তোলাবাজি করতে পৌঁছচ্ছে, পুলিশ তাদের অবিলম্বে গ্রেফতার করুক।" শমীকের দাবি, এই দুষ্কৃতীদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তবে দলের কোনও সদস্য যদি এতে জড়িয়ে থাকে, তবে তার বিরুদ্ধেও কড়া সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার চার মাস পার হলেও তোলাবাজি ও সামাজিক হিংসার বিরুদ্ধে দলের অবস্থান যে 'জিরো টলারেন্স', তা আরও একবার স্পষ্ট করে দেন রাজ্য সভাপতি। তাঁর কথায়, প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই বহু সমাজবিরোধী ও তোলাবাজকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু 'তৃণমূলীকরণ'-এর মানসিকতা নিয়ে যারা দলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের আড়াল করবে না পদ্ম শিবির। নব্য ও প্রাক্তনদের দ্বন্দ্বে রাজনৈতিকভাবে কিছুটা অস্বস্তিতে পড়লেও, দল যে এই ইস্যুতে কোনো আপস করবে না, ভরা সভা থেকে শমীকের এই কড়া বার্তায় তা পরিষ্কার।