CFL 2026 : কোল ইন্ডিয়াকে ৫ গোলে উড়িয়ে ডার্বির জ্বালা জুড়ালো মোহনবাগান
কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে হার এবং পরবর্তীতে সিনিয়র তারকাদের খেলিয়েও কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বিতে পয়েন্ট নষ্ট। পরপর ধাক্কায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল সবুজ-মেরুন শিবিরকে। তবে সমস্ত ব্যর্থতা ও কটাক্ষ ভুলে ঐতিহ্যবাহী কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জ্বলে উঠল মোহনবাগান। কোল ইন্ডিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ডার্বির ক্ষত কিছুটা হলেও প্রলেপ দিলেন বাস্তব রায়ের ছেলেরা।বৃহস্পতিবার ম্যাচের প্রথম বাঁশি থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। ২ মিনিটে মনবীর সিং এবং পরবর্তীতে লিস্টন কোলাসো সহজ সুযোগ নষ্ট করলেও আক্রমণের তোড় কমেনি। ২০ মিনিটে খোলে গোলের খাতা। সাহাল আবদুল সামাদের ডিফেন্স-চেরা পাস ধরে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে সুন্দর ফিনিশে দলকে ১-০ এগিয়ে দেন মনবীর। ৩৩ মিনিটে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ব্যবধান ২-০ করেন সাহাল নিজেই।এরপরই শুরু হয় গোলবৃষ্টি। ৩৬ মিনিটে কিয়ান নাসিরির বাড়ানো বলে দর্শনীয় সাইড ভলিতে ৩-০ করেন সন্দীপ মালিক। ঠিক এক মিনিট পরেই কিয়ান নিজে গোল করে স্কোরলাইন ৪-০ করে দেন। ৪২ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মনবীর। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ করে ফেলে মোহনবাগান।বিরতির পরও আক্রমণের ধার বজায় থাকলেও মিসের মহড়ায় মেতে ওঠেন মনবীর ও সায়ন বন্দ্যোপাধ্যায়রা। ৭৪ মিনিটে বক্সে সন্দীপের হ্যান্ডবল থেকে কোল ইন্ডিয়ার ইরফান পেনাল্টিতে গোল শোধ করলেও কোল ইন্ডিয়ার ফেরার পথ বন্ধ হয়ে গিয়েছিল। ৫-১ জয় পেলেও লিগে গোলপার্থক্যের লড়াইয়ে দ্বিতীয় অর্ধে একঝাঁক সহজ সুযোগ নষ্ট করা নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় রাখবে বাস্তব রায়কে।হিডেন স্টোরিজ নিউজ