Bengaluru Traffic: ভারতের বিরুদ্ধে ড্র! কাকে দায়ী করলেন পানামার কোচ?
বেঙ্গালুরু: ৩ কিলোমিটার পথ পেরোতে সময় লাগল পুরো ২ ঘণ্টা! ম্যাচের আগেই বেঙ্গালুরুর 'নরক যানজটে' আটকেই নাকি উবে গেল সমস্ত রণকৌশল। বিশ্বকাপ খেলে আসা তারকাদের নিয়ে নেমে শেষে ভারতের কাছে ১-১ গোলে আটকে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পানামার কোচ টমাস ক্রিশ্চিয়ানসেন। তবে স্রেফ বেঙ্গালুরুর ট্র্যাফিক সমস্যাই নয়, খালিদ জামিলের ভারতের পারফরম্যান্স এবং দলের মধ্যে বড়সড় 'প্রজন্মের পরিবর্তন'কেও ফলের পিছনে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন তিনি।কান্তিরাভা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামার আগে র্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরে থাকা পানামাকে ঘিরে ছিল বিরাট উন্মাদনা। বিশ্বমঞ্চ কাঁপানো হেভিওয়েটদের বিরুদ্ধে ভারতের হার স্রেফ সময়ের অপেক্ষা বলেই ধরে নিয়েছিলেন ফুটবলপণ্ডিতরা। কিন্তু বল গড়াতেই সমস্ত হিসেবনিকেশ উল্টে দিল ব্লু টাইগার্স। ৪১ মিনিটে আকাশ মিশ্রর দুর্দান্ত ডায়াগনাল পাস ধরে নিখুঁত ফিনিশে ভারতক ১-০ ব্যবধানে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। প্রথমার্ধে আনোয়ার আলি, বিজয় ভার্গিস ও টেকচাম সিংদের সম্মিলিত আক্রমণের সামনে কার্যত খাবি খাচ্ছিল বিশ্বমঞ্চের তারকাদের নিয়ে গড়া পানামা।ম্যাচ শেষে প্রতিপক্ষকে তোপ দাগার বদলে আয়োজকদের লজিস্টিকস ও বেঙ্গালুরুর ট্র্যাফিককে কাঠগড়ায় তোলেন ক্রিশ্চিয়ানসেন। রেঁনেসা হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৩-৪ কিলোমিটার। অথচ ম্যাচ চলাকালীন সেই রাস্তা পেরোতেই বাসে ২ ঘণ্টা কেটে যায় দলের। ক্ষোভ চেপে রাখতে না পেরে তিনি স্পষ্ট বলেন, "অজুহাত দিতে চাই না, তবে ম্যাচের আগে ২ ঘণ্টা বাসে ট্র্যাফিকে আটকে থাকা মারাত্মক কঠিন। এখানকার যাতায়াত এবং লজিস্টিকস ভীষণ জটিল ছিল। ভবিষ্যতে এই ধরণের চুক্তি করার আগে আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের ফুটবলাররা আরও ভাল সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য।"তবে স্রেফ পথক্লান্তিই নয়, একাদশে একযোগে পাঁচজন নতুন ফুটবলারকে নামানোর সিদ্ধান্তকেও ফলের পিছনে বড় কারণ হিসেবে মানছেন তিনি। জাইর মোদেলো, জোসেফ জোন্সদের মতো তরুণদের অভিষেক ঘটিয়ে পানামা কোচ বলেন, "প্রজন্মের পরিবর্তন সহজ নয়। আজ পাঁচজন তরুণ প্রথমবার একাদশে খেলেছে। এই ফলাফলের দায় আমারই। লজিস্টিকস ও সফরের ক্লান্তির জন্য আমরা অনুশীলনের পর্যাপ্ত সময় পাইনি।"খেলার মাঠে ভারতের আক্রমণের দাপটকে খোলা মনে স্বীকৃতি দিয়েছেন পানামা কোচ। তাঁর কথায়, "ভারতের আক্রমণভাগ আমাদের ডিফেন্সকে পুরো ম্যাচে ব্যতিব্যস্ত করে রেখেছিল। ভারতের প্লেয়ারদের জায়গা আর সময় দিলে ওরা যেকোনো মুহূর্ত বদলে দিতে পারে। আমরা কিছুটা অসংগঠিত ছিলাম, যার সুবিধা ভারত বল পজেশন পেলেই তুলে নিয়েছে।"দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতার জোরে ৬৮ মিনিটে ওমর হাভিয়ার ভ্যালেন্সিয়ার দূরপাল্লার শটে পানামা সমতা ফেরালেও, আশিক কুরুনিয়ানের পাস থেকে এডমন্ড লালরিনদিকার প্রায় গোল করার মুহূর্তে কাঁপন ধরেছিল সফরকারীদের। বিশ্বকাপ ফেরত ১২ জন অভিজ্ঞ তারকা সমন্বিত দলকে এভাবে রুখে দেওয়া খালিদ জামিলের দলের জন্য বিরাট নৈতিক জয়। এই স্বস্তি নিয়েই এবার ভারতের চোখ কলকাতার দিকে, যেখানে আগামী ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিদের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল।