মমতা-শুভেন্দুর পথেই কি এবার ট্রাম্প? আমেরিকাতেও এবার অন্নপূর্ণা যোজনা!
ওয়াশিংটন: বিশ্ব রাজনীতিতে ফের একবার 'খয়রাতি' বনাম উন্নয়নের বিতর্ককে সামনে নিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত প্রতিশ্রুতি ও অনুদানের রাজনীতির ধাঁচ এবার স্থান পেল বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ আমেরিকাতেও। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে (মিড টার্ম ইলেকশন) দল জিতলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা) দেওয়ার এক অভূতপূর্ব ঘোষণা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।বুধবার টেক্সাসের ডালাসে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, রিপাবলিকান পার্টি যদি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারে, তবেই এই অর্থ মিলবে। ট্রাম্প এই সামাজিক অনুদানের নাম দিয়েছেন ‘ট্রাম্প ডিভিডেন্ড’ বা রিপাবলিকানদের সাফল্যের লভ্যাংশ। জনসভায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “রিপাবলিকানরা জিতলে আপনারা জিতবেন। ব্যালটে জয় আসলেই আপনারা হাতে পাবেন ৫ হাজার ডলার।”পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ২৪ কোটি ৫০ লক্ষ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। এই বিশাল জনসংখ্যাকে ৫ হাজার ডলার করে দিতে গেলে মার্কিন কোষাগার থেকে খরচ হবে প্রায় ১ লক্ষ কোটি থেকে ১.৩৫ লক্ষ কোটি ডলার! প্রশ্ন উঠছে, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি আর মন্দার আশঙ্কার মাঝে এত বিপুল অর্থ আসবে কোথা থেকে? ট্রাম্প অবশ্য স্পষ্ট কোনো বাজেট বা অর্থনৈতিক নীলনকশা পেশ করতে পারেননি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি শুধু দাবি করেছেন, “আমাদের দেশের কাছে প্রচুর অর্থ আসছে এবং আমাদের যথেষ্ট সামর্থ্য রয়েছে।”কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই আকাশকুসুম প্রতিশ্রুতি আসলে ট্রাম্পের এক রাজনৈতিক মাস্টারস্ট্রোক ও ব্যাকফুটে থাকা দলের বাঁচাও কৌশল। প্রাক-নির্বাচনী একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে ট্রাম্পের জনপ্রিয়তার গ্রাফ এক ধাক্কায় ৩৩ শতাংশে নেমে এসেছে। দুই কক্ষেই ডেমোক্র্যাটরা বিপুলভাবে প্রত্যাবর্তন করতে পারে বলে ইঙ্গিত মিলছে। এই ডুবতে থাকা তরীকে উদ্ধার করতেই ভারতের নির্বাচনী অনুদান ব্যবস্থার মতো সোজা নাগরিকদের পকেটে নগদ অর্থ পৌঁছে দেওয়ার টোপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।উন্নয়নশীল ভারতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর মতো ভাতা ব্যবস্থার কার্যকারিতা বহুবার প্রমাণিত। তবে মূলধনী মার্কিন অর্থনীতিতে এমন বেপরোয়া নগদ অনুদানের প্রতিশ্রুতি বিশ্ব রাজনীতিতে এক সম্পূর্ণ নতুন মাত্রার জন্ম দিল।হিডেন স্টোরিজ নিউজ