Hidden Stories (বাংলা)

Suri police Durga Puja: পুজোর রাস্তায় টোটোর নো-এন্ট্রি! কী ভাবে ঠাকুর দেখবে সিউড়ির মানুষ?

সিউড়ি: রাজনৈতিক আবহাওয়া বদলেছে বীরভূমে। কেষ্ট-হীন জেলায় প্রশাসনিক পালাবদল ও জেলা রাজনীতির সমীকরণ পরিবর্তনের পর এটাই প্রথম দুর্গোৎসব। আর সেই কারণেই আইনশৃঙ্খলা রক্ষা ও উৎসবের দিনগুলোতে শান্তি বজায় রাখতে সামান্যতম ফাঁকফোকর রাখতে নারাজ বীরভূম জেলা পুলিশ। পুজোর আনন্দে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি পদক্ষেপ।  শারদোৎসবের মুখে শহরবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি সিউড়ির সমস্ত পুজো কমিটিকে এই স্পষ্ট বার্তা দিল পুলিশ প্রশাসন।সিউড়ির ডিআরডিসি হলে আয়োজিত এক প্রশাসনিক সমন্বয় বৈঠকে শহরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার ব্লু-প্রিন্ট তুলে ধরা হয়। সভায় উপস্থিত সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায় সতর্ক করে জানান, উৎসবের নামে মদ্যপ অবস্থায় গোলমাল, অশান্তি সৃষ্টি বা যেকোনো বেআইনি কার্যকলাপ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় যদি পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে রেয়াতহীন কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম পুজো হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবেই দেখছে সিউড়ি থানার পুলিশ।প্রতিমা দর্শন ও মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলাতে ব্যাপক যান নিয়ন্ত্রণের রূপরেখা ঘোষণা করেছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে গভীর রাত ১১টা পর্যন্ত সিউড়ি এবং সংলগ্ন দুবরাজপুর শহরে যান চলাচলে কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। তিন চাকার রিকশা, টোটো থেকে শুরু করে ছোট ও ভারী, সমস্ত ধরনের যানবাহনের ক্ষেত্রেই এই 'নো এন্ট্রি' কার্যকর করা হবে।নিরাপত্তা ও সতর্কবার্তার পাশাপাশি উৎসবের শুভলগ্নে এদিন সরকারি অনুদানের চেকও পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হয়। সিউড়ি থানা এলাকার মোট ২২৯টি নিবন্ধিত পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন জানিয়েছিল। পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে, আবেদনকারী ২২৯টি কমিটিকেই সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সিউড়ি থানার আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই সহ এলাকার বিশিষ্টজনেরা। সব মিলিয়ে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সিউড়ির পুজোকে সম্পূর্ণ শান্তিময় ও সুশৃঙ্খল রাখতে নজিরবিহীন তৎপরতা দেখাচ্ছে প্রশাসন।

Suri police Durga Puja: পুজোর রাস্তায় টোটোর নো-এন্ট্রি! কী ভাবে ঠাকুর দেখবে সিউড়ির মানুষ?