Hidden Stories (বাংলা)

স্বাস্থ্য

Hot Tea Coffee: গরম চা-কফির নেশা আছে? ‘অত্যন্ত গরম’ পানীয় নিয়ে ক্যানসারের বড় সতর্কতা গবেষণায়

সকালের ঘুম কাটাতে হোক বা কাজের ফাঁকে ক্লান্তি দূর করতে, গরম চা কিংবা কফি অনেকেরই নিত্যসঙ্গী। কিন্তু কাপ থেকে ধোঁয়া উঠছে, অথচ ঠাণ্ডা হওয়ার অপেক্ষাও করছেন না। এভাবেই কি নিজের বিপদ ডেকে আনছেন? নতুন গবেষণার ফল বলছে, নিয়মিত অত্যন্ত গরম পানীয় পান করলে খাদ্যনালির একটি নির্দিষ্ট ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।[TECHTARANGA-POST:12556]অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্রিটেনের প্রায় ৯ লক্ষ ৮০ হাজার প্রাপ্তবয়স্কের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন। দেখা যায়, যাঁরা ‘গরম’ পানীয় খেতে পছন্দ করেন, তাঁদের খাদ্যনালির স্কোয়ামাস সেল কারসিনোমার ঝুঁকি ‘ঈষদুষ্ণ’ পানীয় পান করা ব্যক্তিদের তুলনায় প্রায় ১.৭ গুণ বেশি। আর যাঁরা ‘অত্যন্ত গরম’ পানীয় পান করেন, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি প্রায় তিনগুণ পর্যন্ত বেশি দেখা গিয়েছে। গবেষণায় দিনে কতবার গরম পানীয় পান করা হচ্ছে, সেই বিষয়টিও বিবেচনা করা হয়েছে। দিনে ছ’বার বা তার বেশি গরম পানীয় পান করা ব্যক্তিদের মধ্যে তুলনামূলক কম গরম পানীয় পান করা ব্যক্তিদের চেয়ে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি ৭১ শতাংশ বেশি ছিল।কেন অত্যন্ত গরম পানীয় নিয়ে সতর্কতা?মুখ থেকে পাকস্থলী পর্যন্ত খাবার ও পানীয় পৌঁছে দেওয়ার কাজ করে খাদ্যনালি। নিয়মিত অত্যন্ত গরম পানীয় পান করলে এর ভেতরের আবরণে বারবার তাপজনিত ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ধরে এমন ক্ষতি চলতে থাকলে প্রদাহ ও কোষের ক্ষতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। গবেষকদের মতে, দীর্ঘমেয়াদি এই ধরনের ক্ষতির সঙ্গে কোষে অস্বাভাবিক পরিবর্তনের যোগ থাকতে পারে।[TECHTARANGA-POST:12554]চা-কফি ছাড়তে হবে?গবেষণাটি চা বা কফি খাওয়াকে সরাসরি খাদ্যনালির ক্যানসারের কারণ হিসেবে দাবি করছে না। মূলত অত্যন্ত গরম অবস্থায় পানীয় খাওয়ার অভ্যাসের সঙ্গে ঝুঁকির সম্পর্কের দিকেই নজর দেওয়া হয়েছে। তাই চা-কফি পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। বরং কাপ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই চুমুক না দিয়ে কিছুটা সময় অপেক্ষা করে পানীয়টি সহনীয় তাপমাত্রায় এলে খাওয়ার অভ্যাস করতে পারেন। 

Hot Tea Coffee: গরম চা-কফির নেশা আছে? ‘অত্যন্ত গরম’ পানীয় নিয়ে ক্যানসারের বড় সতর্কতা গবেষণায়